দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরের রায়পুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার হওয়া ‘জঙ্গি বোমারু’ মামুনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় জাহেদুল ইসলাম জাবেদ নামে অপর এক আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
সোমবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ রেজাউল হক এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী বলেন, মামুনের প্রকৃত নাম নাজমুল হাসান মামুন। তিনি নব্য জেএমবির সদস্য। তাঁর বিরুদ্ধে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় জাবেদের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
আদালতের জারিকারক মো. মাসুদ বলেন, এর আগে মামুনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
রায়পুর থানা-পুলিশ জানায়, গত ৩ নভেম্বর এক বিএনপি নেতাসহ তিনজনকে ছুরিকাঘাত করে আহত করেন মামুন। পরে স্থানীয় লোকজন তাঁকে ধাওয়া করেন। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। একপর্যায়ে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ জানায়, মামুন নিজের প্রকৃত পরিচয় গোপন করে সাইফুল ইসলাম সুজন নাম ব্যবহার করেন। তিনি নিজেকে ভোলা সদর উপজেলার বাসিন্দা বলেও পরিচয় দেন। পরে তাঁকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করা হয়।
পুলিশের ভাষ্য, প্রায় দুই মাস ধরে পরিচয় গোপন করে উপজেলার চরবংশী গ্রামে ভাড়া থাকছিলেন মামুন। গত ৯ নভেম্বর তাঁর থাকার কক্ষ থেকে বোমা তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। পরদিন বিকেলে বাড়ির উঠানের একটি গর্ত থেকে বোমাভর্তি দুধের দুটি কৌটা উদ্ধার করা হয়। ১১ নভেম্বর রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ সেলের চার সদস্যের একটি দল কৌটাগুলোর ভেতরে শক্তিশালী আইইডি বোমার অস্তিত্ব নিশ্চিত করে। ১২ নভেম্বর বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।
মামুনকে বিস্ফোরক আইনে করা পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বরিশালসহ বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে ১৬টি মামলার তথ্য পেয়েছে পুলিশ। পরে রায়পুর থানায় জিজ্ঞাসাবাদ ও পাঁচ দিনের রিমান্ডে তাঁর প্রকৃত পরিচয় বেরিয়ে আসে বলে জানায় পুলিশ। তিনি নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন, যিনি ‘জঙ্গি-বোমারু মামুন’ নামে পরিচিত।
গত ১৭ নভেম্বর তাঁর প্রথম দফার রিমান্ড শেষ হয়। এরপর পুলিশ আবারও ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মামুন নব্য জেএমবির শুরা কাউন্সিলের সদস্য ছিলেন। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তখন তাঁর বয়স ছিল ২১ বছর। ঢাকার একটি হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি। এরপর থেকে পলাতক ছিলেন।
এমএস/